বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'শুধু অনশন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনতে হবে। এ জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।'
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির গণঅনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তার বড় ছেলে দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে গণঅনশন কর্মসূচীর আয়োজন করা হয়। শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত ওই কর্মসূচীতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ নেন।






